
গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যের অনন্য নজির গড়েছিলেন শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সেই সফল জুটি এবার আবারও ফিরছেন নতুন একটি সিনেমা নিয়ে, আর সেটিকে ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা।
তবে সিনেমার গল্প বা নামের চেয়েও এখন সবচেয়ে বেশি কৌতূহল—শাকিব খানের বিপরীতে নায়িকা হচ্ছেন কে? সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রী সাবিলা নূরের নাম সামনে আনছেন। কারণ এর আগে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় শাকিবের সঙ্গে কাজ করেছেন তিনি। তাই নতুন সিনেমাতেও তাঁদের জুটি দেখা যেতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে এই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আমরা এখনো সাবিলার কথা ভাবিনি। নায়িকা নিয়ে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তবে অক্টোবরে যে সিনেমার শুটিং শুরু হবে, সেখানে কোনোভাবেই সাবিলার কথা ভাবছি না।’
এদিকে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, সিনেমার নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘স্ক্রিপ্ট লক হওয়ার পরই সব জানানো হবে। কাকে নেওয়া হবে, সেটা আমাদের পরিকল্পনায় আছে। সময় হলেই ঘোষণা দেওয়া হবে।’
ছবিটির নামও এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’ নামে নানা গুঞ্জন চলছে। এ প্রসঙ্গে হৃদয়ের মন্তব্য, ‘সময় হলেই নাম জানানো হবে।’
জানা গেছে, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ঈদুল ফিতরে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, ‘বরবাদ’ ছিল মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় প্রথম সিনেমা। শাকিব খান অভিনীত ছবিটি প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পাওয়ার পর নির্মাতার প্রতি শাকিবের আস্থাও আরও দৃঢ় হয়। যদিও পরবর্তীতে তাঁদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, প্রায় দুই বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই সফল জুটি।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, নতুন সিনেমাটিও হবে অ্যাকশনধর্মী, তবে গল্প ও চরিত্রের উপস্থাপনায় দর্শক এবার শাকিব খানকে দেখবেন একেবারেই নতুন রূপে
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com