কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। এ সুযোগে প্রতারক চক্র তার পরিচয় ব্যবহার করে আর্থিক সহায়তা বা টাকা দাবি করতে পারে আশঙ্কা করে পরিচিতজন, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু।
পোস্টে তিনি জানান, তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। ওই নম্বর থেকে যদি কারও কাছে আর্থিক সহায়তা, টাকা-পয়সা লেনদেন বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো হয়, তাহলে কেউ যেন কোনো ধরনের অর্থ লেনদেন না করেন। তিনি স্পষ্টভাবে জানান, তিনি বা তার পক্ষ থেকে কাউকে কোনো টাকা চাওয়া হচ্ছে না।
এমপি আরও বলেন, একটি প্রতারক চক্র তার পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম বা মোবাইল ফোনে তার পরিচয়ে কোনো অর্থ বা সুবিধা দাবি করা হলে তা অবশ্যই যাচাই করার অনুরোধ জানান তিনি।
তিনি জানান, বিষয়টি জানতে পারার পরপরই আইনি ও প্রযুক্তিগত সহায়তা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যায় এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু।
তিনি সকলকে সতর্ক থেকে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান এবং সন্দেহজনক কোনো বার্তা বা অর্থ দাবির ক্ষেত্রে যথাযথভাবে যাচাই করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com