নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রামের একটি ভুক্তভোগী পরিবার স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হামলা, জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সুমাইয়া লতা ও এরশাদুল ইসলাম।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গোলনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা ধরনের হয়রানি করে আসছে। ২০১৩ সালে আমিনুর রহমানের কাছ থেকে বৈধভাবে একটি জমি ক্রয় করা হলেও আজ পর্যন্ত দলিল বুঝিয়ে দেওয়া হয়নি। বরং জমির অধিকার চাইতে গেলে পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জহুরুল ইসলাম ও তার সহযোগীরা পরিবারের নারী সদস্য সুমাইয়া খাতুনকে মারধর করেন এবং অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এছাড়া পরিবারের এক স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘরে ভাঙচুর, জমি দখলের চেষ্টা এবং চাঁদা দাবির অভিযোগও তোলা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, এ বিষয়ে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তারা কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে নীলফামারী জেলা বিএনপির কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী পরিবারের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের হামলা বা হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সংবাদ সম্মেলনের শেষে ভুক্তভোগী পরিবার প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নিরাপদে বসবাসের পরিবেশ ফিরিয়ে দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে।
বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা যেতে পারে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com