কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও কুমিল্লা-সিলেট মহাসড়কে হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং বিআরটিএর বৈধ রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই হাজার হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারি থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনা ও অপরাধ দুটিই বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, দেবিদ্বার নিউ মার্কেট, চান্দিনা রোড, ফুলগাছতলা, পুরান বাজার, পদ্মকোট, কালিকাপুর, জাফরগঞ্জ, এলাহাবাদ, মোহনপুর, বড়শালঘর, ফতেহাবাদ, রসুলপুর, রাজামেহার, গুনাইঘর, গজারিয়া স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অবৈধ সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব যানবাহনের অধিকাংশেরই নেই বৈধ রেজিস্ট্রেশন এবং অনেক চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। অভিযোগ রয়েছে, অপ্রাপ্তবয়স্ক ও অনভিজ্ঞ চালকেরাও এসব যানবাহন চালাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, রং সাইডে চলাচল, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি নম্বরবিহীন সিএনজি ব্যবহার করে ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদক পরিবহনের মতো অপরাধ সংঘটিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
আইন বিশেষজ্ঞরা জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং রেজিস্ট্রেশনবিহীন যানবাহন সড়কে চলাচল করানো আমলযোগ্য অপরাধ। এসব অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং যানবাহন জব্দের বিধান থাকলেও বাস্তবে আইনের প্রয়োগ খুবই সীমিত বলে অভিযোগ উঠেছে।
সাধারণ যাত্রী ও সচেতন নাগরিকদের দাবি, মহাসড়ক থেকে অবৈধ থ্রি-হুইলার অপসারণ, রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ, লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং অবৈধ স্ট্যান্ড পরিচালনাকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে জেলা প্রশাসন, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com