প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৭:৪৫ পি.এম
ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর পর যাত্রী চলাচল বাড়বে : এসবি প্রধান

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর পর বাংলাদেশ-ভারত সীমান্তে যাত্রী চলাচল বাড়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইমিগ্রেশন সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের বিশেষ শাখা—এসবির প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে এসবি প্রধান ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তাব্যবস্থা এবং বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচলের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম আরও গতিশীল ও যাত্রীবান্ধব করার বিষয়ে মতবিনিময় করেন।
পরে সাংবাদিকদের এসবি প্রধান সারদার নুরুল আমিন বলেন, প্রতিবেশী দেশ ভারত ট্যুরিস্ট ভিসা চালু করেছে। ফলে বাংলাদেশ থেকে যেমন বিপুলসংখ্যক যাত্রী ভারতে ভ্রমণে যাবেন, তেমনি ভারত থেকেও বাংলাদেশে যাত্রী আসবেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাত্রীদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশন সেবার মান আরও উন্নত করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বেনাপোল-কলকাতা রেল যোগাযোগ দ্রুত চালুর ওপরও গুরুত্বারোপ করেন এসবি প্রধান। তিনি বলেন, রেল যোগাযোগ চালু হলে দুই দেশের যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিষয়টি রেল মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করা হবে।
বিশেষজ্ঞদের মতে, স্থলপথের পাশাপাশি রেল যোগাযোগ পুনরায় চালু হলে বেনাপোল স্থলবন্দরের ওপর যাত্রী চাপ কিছুটা কমার পাশাপাশি দুই দেশের পর্যটন ও বাণিজ্যিক যোগাযোগ আরও গতিশীল হতে পারে।
এসবি প্রধানের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারণ সার্কেলের পুলিশ সুপার আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com