কচুয়ায় দীর্ঘদিনেও নির্মাণ হয়নি স্থায়ী বাস টার্মিনাল। ফলে ঢাকা-কচুয়া রুটে চলাচলকারী সুরমা সুপার বাসগুলো বিভিন্ন স্থানে সড়কের ওপর পার্কিং করে রাখা হচ্ছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ভোগান্তিতে পড়ছেন চালক, পথচারী ও সড়কের পাশের ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে ঢাকা-কচুয়া রুটে সুরমা সুপার বাস চলাচল করছে। তবে এখনো কচুয়ায় বাস রাখার জন্য নির্দিষ্ট কোনো টার্মিনাল তৈরি হয়নি। পর্যাপ্ত জায়গার অভাবে কচুয়া, ডুমুরিয়া, কালোচৌসহ বিভিন্ন এলাকায় সড়কের ওপর বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সড়কে বাস পার্কিংয়ের কারণে অনেক সময় পথচারীদের চলাচলের জায়গাও সংকুচিত হয়ে পড়ে। পাশাপাশি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কচুয়া বাস কাউন্টারের এক কর্মচারী বলেন, “আমরা জায়গা খুঁজছি। তবে উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না। কচুয়ায় বাস টার্মিনাল হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয়নি।”
সড়কের ওপর বাস দাঁড়িয়ে থাকায় কচুয়া বিশ্বরোডের ব্যবসায়ীরাও সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, সড়কের পাশে বাস পার্কিং করার কারণে দোকানের সামনে জায়গা সংকুচিত হয়ে যায় এবং ক্রেতাদের চলাচলেও অসুবিধা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে কচুয়ায় বাস টার্মিনালের প্রয়োজনীয়তার কথা বলা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকারি উদ্যোগে বাস টার্মিনালের জন্য জায়গা নির্ধারণ করা হলেও বাস্তবে টার্মিনাল নির্মাণ হয়নি বলে তাঁদের দাবি।
দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ কমাতে দ্রুত কচুয়ায় একটি স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ এবং বাসগুলো সড়কে পার্কিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com