কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স সংকট থাকলেও ভারত সরকারের উপহার দেওয়া আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি প্রায় চার বছর ধরে পড়ে রয়েছে। চালক ও জ্বালানি সংকটের কারণে মূল্যবান অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাচ্ছে না। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অথচ হাসপাতালটিতে রোগী পরিবহনের জন্য প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্স না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুটি পুরোনো অ্যাম্বুলেন্স রয়েছে। এসব অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় স্থানান্তরের সময় অ্যাম্বুলেন্স সংকট দেখা দেয়। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে অনেক রোগীর স্বজনকে বেশি টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়।
হাসপাতালের মূল ফটকের সামনে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ভারত সরকারের উপহারের অ্যাম্বুলেন্সটিতে আধুনিক লাইফ সাপোর্ট সুবিধা রয়েছে। তবে এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় চালক না থাকায় কার্যত অকেজো হয়ে আছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অ্যাম্বুলেন্সটির জন্য নিয়মিত চালকের পদ না থাকায় এবং অতিরিক্ত চালক না পাওয়ায় এটি চালানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি আধুনিক ও বড় গাড়িটির জ্বালানি ব্যয় বহনের জন্য প্রয়োজনীয় বরাদ্দও নেই।
জেলাবাসীর অভিযোগ, বিদেশি সরকারের উপহার দেওয়া এমন একটি জরুরি সেবার যান বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা সরকারি সম্পদের অপচয়। বিশেষ করে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি দ্রুত সচল করে রোগী পরিবহনে যুক্ত করা প্রয়োজন।
কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নুরে নেওয়াজ বলেন, ভারত সরকারের উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জেলাবাসীর দাবি, প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত চালক ও জ্বালানির বরাদ্দ নিশ্চিত করে অ্যাম্বুলেন্সটি সচল করা হোক। এতে সরকারি হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ার পাশাপাশি রোগীদের দুর্ভোগও কমবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com