আরও ১২ জেলায় আগামীকাল চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা
জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে আগামীকাল দেশের আরও ১২টি জেলায় ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু হচ্ছে। এর মাধ্যমে বিচার ব্যবস্থার ডিজিটাল কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। নতুন করে যে ১২ জেলায় এ কার্যক্রম চালু হচ্ছে, সেগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, ‘ই-বেইল বন্ড’ চালুর ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা কমবে। একই সঙ্গে আদালত, আইনজীবী, কারা কর্তৃপক্ষ ও বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং কাজের চাপও কমবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানান, প্রচলিত বেইল বন্ড বা জামিননামা দাখিলের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে দেশের ১৬টি জেলায় তিন ধাপে সফলভাবে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন জেলাগুলোতে কার্যক্রমের উদ্বোধন করবেন। জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা কমাতে ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে প্রথম ‘ই-বেইল বন্ড’ চালু হয়। দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুরে এবং তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এটি চালু করা হয়।
আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজিজুল হক জানান, আগে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থায় এখন মাত্র তিনটি প্রধান ধাপে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে জামিন সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত ও সহজ হয়েছে। কর্মকর্তারা পর্যায়ক্রমে সারাদেশে এ ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছেন।