আজানের ধ্বনিতে প্রতিদিন মুখর হয়ে ওঠে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ জামে মসজিদ। পাঁচ ওয়াক্ত নামাজে এখানে শতাধিক মুসল্লি সমবেত হন। ধর্মীয় উপাসনালয় হিসেবে গুরুত্বপূর্ণ এই মসজিদটি একই সঙ্গে পরিবেশবান্ধব নির্মাণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে। কারণ এর নির্মাণে প্রচলিত পোড়া ইটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব হলো ব্লক।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নিজস্ব অর্থায়নে ১৬ লাখ টাকা ব্যয়ে মাদারগঞ্জ গ্রামে ১ হাজার ৯০০ বর্গফুট আয়তনের মসজিদটি নির্মাণ করেছে। পুরো স্থাপনা নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ২ হাজার ৬০০টি হলো ব্লক। আকারের হিসাবে একটি হলো ব্লক প্রায় চারটি প্রচলিত পোড়া ইটের সমপরিমাণ। সে হিসাবে মসজিদটিতে ব্যবহৃত ব্লক প্রায় ১০ হাজার ৪০০টি পোড়া ইটের সমপরিমাণ নির্মাণকাজে ব্যবহৃত হয়েছে।
স্থানীয় মুসল্লি আব্দুল লতিফ, মুনসুর আলী, মোকলেসুর ও দুলাল জানান, মসজিদটি নির্মাণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এখন শতাধিক মানুষ নিয়মিত এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তাঁদের মতে, পরিবেশবান্ধব হলো ব্লক দিয়ে মসজিদ নির্মাণের বিষয়টি স্থানীয়দের জন্য নতুন অভিজ্ঞতা। এর মাধ্যমে প্রচলিত পোড়া ইটের বিকল্প নির্মাণসামগ্রী সম্পর্কে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আশরাফ আলী ইএসডিওর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুন্দর ও স্থায়ী মসজিদ নির্মাণ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সাধারণ মানুষের পক্ষে এত বড় কাজ বাস্তবায়ন কঠিন হলেও ইএসডিওর সহযোগিতায় তা সম্ভব হয়েছে। সাধারণ সম্পাদক মো. রায়হানুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার দেখে অন্যরাও ভবিষ্যতে এমন উপকরণ ব্যবহারে আগ্রহী হবেন।
ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিবেশের বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। প্রচলিত পোড়া ইটের কার্যকর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর বাস্তব ব্যবহার দেখাতেই মাদারগঞ্জ জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। তাঁর মতে, এই মসজিদ পরিবেশবান্ধব নির্মাণের সম্ভাবনার একটি বাস্তব উদাহরণ।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com