প্রিন্ট এর তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৩৭ পি.এম
বাণিজ্যিক ভবনে ক*কটেল বি*স্ফোরণ: ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট শহরের একটি বাণিজ্যিক ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত ‘ডাইম ভবন’-এর দ্বিতীয় তলার একটি নির্মাণাধীন দোকানঘরে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় ভবনটির নিচতলায় অন্তত ১০টি দোকানে স্বাভাবিকভাবে বেচাকেনা চলছিল। হঠাৎ করে দ্বিতীয় তলায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে, যা শুনে নিচতলায় থাকা ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে যান। তারা দ্রুত বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে অনেকেই উপরে গিয়ে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ পেয়ে ধুনট থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, বিস্ফোরণের আলামত জব্দ করা হয়েছে। ভবনটির আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অভিযোগে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশের একটি বিশেষ টিম বিষয়টি তদন্ত করছে।
কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে জনসমাগমপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়রা নিরাপত্তাহীনতা অনুভব করছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com