প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ১:২০ এ.এম
বিএনপির কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা গ্রে*ফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় সেলিম হোসেন (২৮) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার জয়শিং গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম হোসেন জয়শিং গ্রামের সোহরাব আলীর ছেলে এবং নিমগাছি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে ধুনট শহরের হোটেল আরাফাতের দ্বিতীয় তলায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অতর্কিত ককটেল হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার সময় দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রায় দুই বছর পর ২০২৪ সালের ১২ নভেম্বর হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তের ভিত্তিতে ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মামলার তদন্ত চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com