নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর বাঘা উপজেলার দুর্গম চরাঞ্চলে রবিবার (৯ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত টানা ৮ ঘণ্টাব্যাপী “অপারেশনস্ ফার্স্ট লাইট” নামে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই যৌথ অভিযানে অংশ নেয় জেলা পুলিশ, র্যাব, আরআরএফ রাজশাহী, এপিবিএন ও নৌ-পুলিশ।
অভিযানে বাঘার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া ও পলাশী ফতেপুর এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া ও ১টি চাকু উদ্ধার করা হয়। এসময় ১৩ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, রাজশাহী, নাটোর ও পাবনার সংযোগস্থল এই চরাঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি ও বালুমহাল দখল নিয়ে কয়েকটি সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল। তিন জেলার জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনায় ও পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com