
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র এক সপ্তাহ আগে বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর কালী এলাকার আনু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাতরা প্রায় সাড়ে তিন ভরি সোনার গহনা, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। আগামী ২৫ আগস্ট ওই বাড়ির ছোট ছেলে ওমর ফারুকের বিয়ের দিন নির্ধারিত থাকায় বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল।
ওমর ফারুক জানান, তিনি তাঁর মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তাঁর ভাবি, ভাতিজি ও ভাগ্নি। গভীর রাতে একদল ডাকাত ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এ সময় আতঙ্কিত হয়ে তাঁর ভাবি একটি কক্ষে দরজা বন্ধ করে স্বজনদের ফোনে বিষয়টি জানান। পরে ডাকাতরা বিয়ের জন্য কেনা ও বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে যায়।
এদিকে ডাকাতির বিষয়টি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি দেশীয় অস্ত্র ও দুটি লোহার রড ফেলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।