August 16, 2026, 8:28 am

নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়

অভয়নগর প্রতিবেদক

জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে গেছে, গত এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনের অবসান ঘটেছে। নতুন গল্প ও পর্ব নিয়ে আবারও দর্শকদের সামনে ফিরছে জনপ্রিয় এই সিরিজটি।

‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সনি ৮। চ্যানেলটির তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় নতুন পর্ব প্রচার করা হবে।

২০১৫ সালে সনি ৮-এ ‘গোপাল ভাঁড়’-এর প্রচার শুরু হয়। এরপর বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা, রসিকতা ও হাস্যরসের মাধ্যমে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে সিরিজটি। শুধু বিনোদন নয়, বিভিন্ন গল্পের মাধ্যমে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ ও সামাজিক নানা বার্তাও তুলে ধরা হয় এতে।

সিরিজের গল্পে দেখা যায়, গোপাল নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের নানা জটিল সমস্যার সমাধান করেন। কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করেন, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে বিভিন্ন সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখান। এ কারণেই ভারত ও বাংলাদেশে দীর্ঘদিন ধরে জনপ্রিয় ‘গোপাল ভাঁড়’।

ইউটিউবেও সিরিজটির দর্শকসংখ্যা উল্লেখযোগ্য। তবে গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ নতুন পর্বের প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন পর্ব প্রকাশ না হওয়ায় দর্শকদের মধ্যে সিরিজটি বন্ধ হয়ে যাওয়ার জল্পনা তৈরি হয়।

এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি দৃশ্য। সেখানে মৃত্যুশয্যায় থাকা গোপালের পাশে তার স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যদের কান্নারত অবস্থায় দেখা যায়। ওই দৃশ্যকে কেন্দ্র করেই সিরিজটির সমাপ্তি নিয়ে আলোচনা শুরু হয়।

পরে অবশ্য জানা যায়, ভাইরাল হওয়া দৃশ্যটি নতুন কোনো পর্বের নয়; এটি ‘গোপাল ভাঁড়’-এর পুরোনো একটি পর্বের দৃশ্য। তবুও নতুন পর্ব প্রচারে দীর্ঘ বিরতি এবং চ্যানেল কর্তৃপক্ষের নীরবতার কারণে সিরিজটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন আরও বাড়তে থাকে।

অবশেষে নতুন পোস্টার প্রকাশ করে সনি ৮ সেই জল্পনার অবসান ঘটিয়েছে। চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গোপাল ভাঁড়’ শেষ হয়নি। বরং নতুন গল্প নিয়ে আবারও দর্শকদের বিনোদন দিতে ফিরছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।



ফেসবুক কর্নার