
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ মুক্তির ১৫ বছর পরও সিনেমাটির বেশ কিছু দৃশ্য দর্শকের মনে দাগ কেটে আছে। এর মধ্যে ক্যাটরিনা কাইফ ও হৃতিক রোশনের একটি আকস্মিক চুম্বন দৃশ্যও উল্লেখযোগ্য। সম্প্রতি সেই দৃশ্যের নেপথ্যের গল্প জানিয়েছেন সিনেমাটির পরিচালক জোয়া আখতার।
১৭ আগস্ট মুনসুন ফিল্ম ফেস্টিভ্যালে এক আলোচনায় জোয়া আখতার জানান, লায়লা চরিত্রটি শুরু থেকেই স্বাধীনচেতা এবং মুহূর্তকে উপভোগ করা এক তরুণীর। তবে চিত্রনাট্যে তার এই বৈশিষ্ট্য যথেষ্টভাবে প্রকাশ পাচ্ছিল না। তাই গল্পের একপর্যায়ে লায়লার স্বভাবকে স্পষ্ট করার মতো একটি দৃশ্য প্রয়োজন ছিল। সেই ভাবনা থেকেই চুম্বনের দৃশ্যটি রাখা হয়। সিনেমায় দেখা যায়, অর্জুন বিদায় নিয়ে চলে যাওয়ার সময় লায়লা হঠাৎ তাকে চুমু দিতে এগিয়ে যায়। জোয়ার মতে, দৃশ্যটি লায়লার চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল।
জোয়া জানান, দৃশ্যটির মাধ্যমে রূপকথার প্রচলিত ধারণাকেও ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল। সাধারণ গল্পে রাজপুত্রের চুম্বনে ঘুমন্ত সুন্দরী জেগে ওঠে। এখানে বরং অর্জুনই যেন সেই ‘স্লিপিং বিউটি’, আর লায়লা তার জীবনকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করে দেয়। জোয়া আরও জানান, সিনেমাটিতে অভিনয়ের আগে ক্যাটরিনা কাইফের এমন কোনো অন-স্ক্রিন চুম্বন দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা ছিল না। চিত্রনাট্য পড়ার সময় তিনি বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলেছিলেন এবং গল্পের প্রয়োজনীয়তা বুঝে পেশাদারভাবে দৃশ্যটি গ্রহণ করেছিলেন। ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে ক্যাটরিনা কাইফ, হৃতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল ও কালকি কোচলিন অভিনয় করেন। বন্ধুত্ব, প্রেম, ভ্রমণ ও জীবনকে নতুনভাবে দেখার গল্পে নির্মিত সিনেমাটি এখনো দর্শকের কাছে জনপ্রিয়।