August 15, 2026, 12:05 pm
শিরোনাম :

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মোঃ ইসমাইল হোসেন

দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়াতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা। নতুন ১৫ তলা ভবনটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা দাঁড়াবে ১ হাজারে।
প্রতিবেদন অনুযায়ী, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নতুন ভবনটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, নতুন ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অধিকাংশ চিকিৎসা যন্ত্রপাতি স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। ভবনটি চালু হলে শয্যা সংকটের কারণে যেসব রোগীকে ফিরিয়ে দিতে হয়, তাদের একটি বড় অংশকে চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব হবে।
নবনির্মিত ভবনটি তিনটি বেজমেন্টসহ মোট ১৫ তলা। বেজমেন্টে পার্কিং ও সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে। উপরের তলাগুলোতে ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক ইউনিট ও অন্যান্য চিকিৎসাসেবা রাখা হয়েছে।
নতুন ভবনে রয়েছে ৪০ শয্যার আইসিইউ, ২০ শয্যার এইচডিইউ, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা, ওপর থেকে পড়ে যাওয়া কিংবা অন্যান্য দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিট রাখা হয়েছে।
ট্রমা ইউনিটে ২৪ ঘণ্টা অস্ত্রোপচার সুবিধা থাকবে। চারটি অপারেশন থিয়েটারের মধ্যে দুটি মডুলার ওটি হিসেবে তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে একটি ক্যাথল্যাব, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিন।
রোগীদের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে স্থানান্তর সহজ করতে এক থেকে তিনতলা পর্যন্ত চলন্ত সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে ৬২টি ভেন্টিলেটর, পৃথক অক্সিজেন প্ল্যান্ট, আধুনিক অটোক্লেভ এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ ব্যবস্থা।
হাসপাতালে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে আসেন স্ট্রোকের রোগীরা। এর পাশাপাশি দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগী, পার্কিনসন্স, ডিমেনশিয়া, জিবিএস, মৃগী ও হাইড্রোকেফালাসসহ বিভিন্ন নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, নতুন ভবন চালু হলে আরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। বর্তমানে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হয়। নতুন ৫০০ শয্যা চালু হলে এই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, নতুন ভবনটি চালু হলে দেশের বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসায় সক্ষমতা আরও বাড়বে এবং গুরুতর নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার