
টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া সংলগ্ন আঠারো চূড়া বিল এলাকায় একটি ক্যাফে উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় ফিরুজ নামে এক তরুণ কনটেন্ট ক্রিয়েটরকে আটকের অভিযোগ উঠেছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের মারামারি বা বিশৃঙ্খলায় জড়িত ছিলেন না বলে দাবি করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে তাঁকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আঠারো চূড়া বিল এলাকায় একটি নতুন ক্যাফে উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে উৎসুক মানুষের সমাগম ঘটে। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে কয়েকজন যুবকের মধ্যে হঠাৎ তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানস্থলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ওই সময় স্থানীয় তরুণ ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ফিরুজও সেখানে উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো ধরনের ঝামেলা বা সংঘর্ষে জড়িত ছিলেন না বলে দাবি তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি ও বিনোদনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ফিরুজকে এলাকার শান্ত স্বভাবের তরুণ হিসেবেও বর্ণনা করেছেন স্বজনরা।
তবে ঘটনার পর ধলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে ফিরুজের সম্পৃক্ততা যাচাই না করেই তাকে আটক করা হয়েছে।
ফিরুজের এক স্বজন বলেন, তিনি কোনো মারামারি বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণে তাকে আটক করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। এ ঘটনায় তাঁরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
এলাকাবাসীর দাবি, ক্যাফে উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। ফিরুজের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।