August 19, 2026, 12:29 pm
শিরোনাম :
কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আপন ফুফাকে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দিপু মনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিলে হাইকোর্টে রিট কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ, ‘দুর্নীতির তালাশ টিমের’ বিরুদ্ধে অভিযোগ বিতর্কিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই ক্লোজড পরিত্যক্ত গ্যারেজে মর্গের কাজ, মেঝেতেই পড়ে থাকে মরদেহ শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহারের ঘটনায় পুলিশ সুপার পদচ্যুত প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি: দীনেশ নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভাইরাল ছবি, ফাঁস হলো আসল রহস্য

পরিত্যক্ত গ্যারেজে মর্গের কাজ, মেঝেতেই পড়ে থাকে মরদেহ

মাফরুদুর রহমান মুরাদ প্রতিনিধি, পাবনা

পাবনায় এখনো আধুনিক মর্গ ও পর্যাপ্ত মরদেহ সংরক্ষণ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে পাবনা জেনারেল হাসপাতালের পরিত্যক্ত মোটরসাইকেল গ্যারেজের সংকীর্ণ কক্ষেই চলছে ময়নাতদন্তের কাজ। প্রতিনিয়ত হত্যা, দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় হাসপাতালে মরদেহ আনা হলেও একটির বেশি মরদেহ একসঙ্গে ময়নাতদন্ত করা সম্ভব হয় না। পর্যাপ্ত জায়গা ও হিমঘর না থাকায় অতিরিক্ত মরদেহ মেঝেতেই রাখতে হচ্ছে। এতে মরদেহ সংরক্ষণ ও ময়নাতদন্ত নিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে আধুনিক মর্গ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রকল্পটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হলেও মামলা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাকি কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে আধুনিক মর্গের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার মানুষ। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় মরদেহ সংরক্ষণ করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। আধুনিক মর্গ চালু হলে মরদেহ সংরক্ষণের পাশাপাশি ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক পরীক্ষার জন্য সংগৃহীত আলামত নিরাপদ পরিবেশে রাখা সম্ভব হবে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় উপযুক্ত আলোর ব্যবস্থাসহ আধুনিক সুবিধা থাকলে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনও আরও সহজ ও নিখুঁত হবে।
ময়নাতদন্ত ও মরদেহ সংরক্ষণের সংকটে পুলিশ প্রশাসনও বিপাকে রয়েছে। পুলিশের তথ্যমতে, জেলায় প্রতি মাসে গড়ে চারটি হত্যা ও ৩৫টি অপমৃত্যুর মামলা হয়। পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, প্রায় ৩০ লাখ মানুষের এই জেলায় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক মরদেহ আসে। হাসপাতালে হিমঘর না থাকায় সমস্যা তৈরি হয়। পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় ১১টি থানার মধ্যে পাঁচটিতে শীতাতপ নিয়ন্ত্রিত মরদেহ সংরক্ষণ কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে দুই থেকে তিনটির বেশি মরদেহ রাখা সম্ভব নয়। ফলে মরদেহের সংখ্যা বেড়ে গেলে চরম অসুবিধা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত আধুনিক মর্গটি চালু করে সাধারণ মানুষের ভোগান্তি দূর করার উদ্যোগ নেওয়া হবে।



ফেসবুক কর্নার