August 18, 2026, 3:35 am
শিরোনাম :

এবার ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ

Reporter Name

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একটি টিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি তার মা, বড় ভাই ও ভাবির সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। ঘটনার সময় তার মা পারিবারিক কাজে গ্রামের বাড়িতে ছিলেন। একই সময়ে বড় ভাই ও ভাবি কর্মস্থলে থাকায় তিনি বাসায় একা ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় তার ছোট ভাই বাসায় আসেন। পরে পারিবারিক একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ছোট ভাই তার বড় বোনকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে একটি কক্ষে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যান। পরে বিষয়টি জানিয়ে ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের আওতায় আনা হবে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার