August 15, 2026, 11:52 am

পাবনায় বাঁশবাগান থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

মাফরুদুর রহমান মুরাদ

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে আব্দুল শুকুর (৪৮) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি আতাইকুলা থানাকে জানালে পুলিশ তাকে খুঁজতে অভিযান শুরু করে। পরে বিকেলে রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।



ফেসবুক কর্নার