August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

ফাওজুর রহমান সাবিত, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের অবাধ বিচরণের অভিযোগ উঠেছে। এতে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগ রয়েছে, সরকারি নীতিমালা অনুযায়ী ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সপ্তাহে দুই দিন—সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারলেও কালীগঞ্জ হাসপাতালে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চিকিৎসকদের কক্ষে তাদের উপস্থিতি দেখা যায়। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে বিক্রয় প্রতিনিধিদের সাক্ষাতের একটি অঘোষিত নিয়ম চালু রয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ ও সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর কিছু নেতার যোগসাজশে এ অনিয়ম চললেও বিষয়টি নিয়ে একাধিকবার অবগত করার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগী রোগী রহিমা বেগম বলেন, “আমরা লাইনে দাঁড়িয়ে থাকি, কিন্তু ডাক্তার সাহেব আমাদের না দেখে ওষুধ কোম্পানির লোকজনের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকেন। এতে আমাদের অনেক সময় নষ্ট হয়।”

স্কয়ার কোম্পানির বিক্রয় প্রতিনিধি অনিক হাসান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও তাদের সংগঠন চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করে দিয়েছে এবং তারা সেই অনুযায়ী সাক্ষাৎ করছেন। তিনি দাবি করেন, প্রায় প্রতিদিনই বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ বিষয়ে ফারিয়ার কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ফরাদুজ্জামান ফরহাদ বলেন, তাদের সংগঠন সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের নির্দেশনা দিয়েছে। তবে প্রতিদিন সন্ধ্যা ও রাতে সাক্ষাৎ কীভাবে হচ্ছে—এ প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন বলেন, সরকারি হাসপাতালে সরকারি বিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। রোগীদের সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিষয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছেন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, সরকারি পরিপত্রের বাইরে গিয়ে চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতের কোনো সুযোগ নেই। কোনো চিকিৎসক নিয়ম বহির্ভূতভাবে এ ধরনের সাক্ষাৎ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার