August 15, 2026, 1:20 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 আহত যোদ্ধাদের পুনর্বাসনে রাজধানীর মিরপুরে আধুনিক আবাসন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

তিনি বলেন, নির্মাণকাজ শেষ হলে শহীদ ও আহত পরিবারগুলোকে এসব ভবনে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান জাতি কখনো ভুলবে না। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এসেছে। আন্দোলনের সুফল দৃশ্যমান হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে নানা বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আহমেদ সোহেল মঞ্জুর বলেন, ‘বর্তমান সরকার জুলাই আন্দোলনের প্রতিটি স্মৃতি ও আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এসব ভবনে জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, দেশের যে কোনো রাজনৈতিক সংকট এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে পিরোজপুর ও ভাণ্ডারিয়ার মানুষের অবদান গুরুত্বপূর্ণ। সরকারের নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপ এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে ঘোষিত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. জুয়েল মৃধা, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রনি মোল্লাসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে ভাণ্ডারিয়া উপজেলার জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের হাতে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও চেক তুলে দেওয়া হয়।

এর আগে প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ এমদাদুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি ফাতেহা পাঠ, জিয়ারত এবং শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।



ফেসবুক কর্নার