রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Wednesday, August 19, 2026
/
27 Time View
/
Share
বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বাঙালি’ হিসেবে মিয়ানমারের উপস্থাপনকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে ঢাকা বলেছে, রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার বিষয়ক মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ আগস্টের বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান ব্যবহারের বিষয়টি তুলে ধরে বাংলাদেশ। মহাপরিচালক বলেন, জাতিসংঘের ব্যবস্থায় নিবন্ধিত তথ্যেই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঠিক সংখ্যা প্রতিফলিত হয়েছে।
বৈঠকে দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে বাংলাদেশে আসা নতুন রোহিঙ্গাদের তথ্যও যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ তার সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন এবং যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে মিয়ানমারের অঙ্গীকারের কথা জানান। বাংলাদেশ আবারও বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে তাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন।