
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট আইনের আওতায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়—
তাওহিদ কাপড় বিতান-এ কাপড়ের মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রিন্স বেকারি-তে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জহির মেডিকেল-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আশিক শুটকি-তে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত নজরদারি থাকলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।