
গত ২৪ ঘণ্টায় নড়াইলের কালিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। পৃথক অভিযানে মাদক, জুয়া, হত্যা ও মারামারি মামলার আসামিসহ গরু চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানার পাশের এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার ১০০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এদিকে বড়নাল-রাজাপুর মাঠে পরিচালিত পৃথক অভিযানে একটি জুয়ার আসর থেকে এক জুয়ারিকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৪ হাজার ১১৫ টাকা ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অন্যদিকে হত্যা মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি জাকির হোসেন (৪৮) কে চাঁদপুর-রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মারামারি মামলার সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ওমর সানি (৩৫) কে পুরুলিয়া এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া বড়নাল মাঠ থেকে চুরি হওয়া ৫টি গরু মাগুরা জেলা থেকে স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিন গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।