
ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, নির্বাচিত হলে তিনি এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবেন। এলাকার প্রতিটি রাস্তা পাকা করা হবে এবং নাগরিক সেবা সকলের জন্য সহজলভ্য করা হবে।
সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, ৫ আগস্টের পর যারা হাটবাজার দখল করেছেন তাদের চাঁদাবাজির সুযোগ আর থাকবে না। তিনি সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন, “আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। কেউ এ নাম ব্যবহার করে মিথ্যা প্রভাব বিস্তার করতে চাইলে তাকে জনগণ ঝাঁটিয়ে বিদায় করবে।”
স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে রাশেদ খাঁন আরও বলেন, “দেশের সর্বোচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করলেও মানুষের মননশীলতায় কোনো উন্নয়ন হয়নি। মিথ্যা আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হলে তাকে জনগণ প্রত্যাখ্যান করবে।”
জনসভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন।
ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁনের পাশাপাশি নির্বাচন করছেন জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।