
“বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবনে বাঘ–মানুষ দ্বন্দ্ব নিরসন এবং হরিণ ও বিষ দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বজবজা বন টহল ফাঁড়ি চত্বরে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় সভার আয়োজন করে সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা রেঞ্জ। সভার সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ। সভার পরিচালনা করেন দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী।
সভায় বক্তারা বলেন, সুন্দরবন দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যেখানে বাঘ, হরিণসহ নানা বন্যপ্রাণী এবং জলজ প্রাণীর নিরাপত্তা আমাদের সম্মিলিত দায়িত্ব। বাঘ–মানুষ দ্বন্দ্বের কারণে যেমন মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে, তেমনি বাঘের অস্তিত্বও হুমকির মুখে পড়ে।
তাদের বক্তব্যে আরও বলা হয়, হরিণ শিকার এবং বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ধরনের কর্মকাণ্ড শুধু মাছই নয়, জলজ প্রাণী এবং মানুষের স্বাস্থ্যকেও হুমকির মধ্যে ফেলে। এছাড়া এ ধরনের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের সদস্য, সাংবাদিক, ভিটিআরটি ও সিপিজি সদস্যসহ সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ২৭ জানুয়ারি কয়রার চারটি স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল।