July 8, 2026, 5:58 pm

আর্জেন্টিনা বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে আত্মবিশ্বাসী সুইস কোচ

Reporter Name

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ড। শক্তিশালী প্রতিপক্ষকে যথাযথ সম্মান দিলেও ম্যাচের আগেই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন সুইস প্রধান কোচ মুরাত ইয়াকিন।
তার বিশ্বাস, লিওনেল মেসির দলকে হারানো সম্ভব।
টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।
অন্যদিকে, মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ৩-২ গোলের জয় তুলে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
কলম্বিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনাকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন ইয়াকিন।
তিনি বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা বিশেষ একটি সুযোগ।
তবে আর্জেন্টিনা অপরাজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর চেষ্টা করব। আমরা দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে জানি।’
তবে দলের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ প্রতিপক্ষকে নিয়ে ছিলেন অনেক বেশি সতর্ক।
তিনি বলেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল। তাদের দলে অনেক শক্তিশালী খেলোয়াড় রয়েছে, একজন ভালো কোচ আছেন এবং আমরা জানি তারা কীভাবে খেলে। তাদের দলে বিশ্বের সেরা ফুটবলার মেসিও আছে।’
এবারের বিশ্বকাপ রদ্রিগেজের চতুর্থ। অভিজ্ঞ এই ডিফেন্ডার এখন পর্যন্ত টুর্নামেন্টে সুইজারল্যান্ডের প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন।
তবে কোয়ার্টার ফাইনালের আগে ইনজুরি দুশ্চিন্তা রয়েছে সুইস শিবিরে। অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি চলতি বিশ্বকাপে দলের সর্বোচ্চ তিন গোল করা ইয়োহান মানজাম্বি। আর্জেন্টিনার বিপক্ষে তার ফেরা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
এ বিষয়ে ইয়াকিন বলেন, ‘এ ধরনের চোট থেকে অল্প সময়ে সেরে উঠে না। ঠিক কী ধরনের চোট পেয়েছে, সেটাও আমরা এখনও নিশ্চিত নই। যদি সে খেলতে পারে, তাহলে অবশ্যই তাকে খেলাব। তবে কোনো ধরনের ঝুঁকিও নিতে চাই না।’
এ ছাড়া ইনজুরির কারণে এখনও দলের বাইরে রয়েছেন মিশেল এবিশার ও লুকা ইয়াকেজ। গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলারের অনুপস্থিতিতেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামতে হবে সুইজারল্যান্ডকে।



ফেসবুক কর্নার