
পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের শতরংপাড়া গ্রামে প্রায় ৫০ ফুট উঁচু একটি গাছে গাছ কাটার সময় হাত আটকে যাওয়ায় আজিজুল হক (৫০) নামে এক ব্যক্তি প্রায় দুই ঘণ্টা আটকে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন।
রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার সময় আজিজুল হকের হাত গাছের চিপায় আটকে যায়। এতে তিনি গাছের ওপরই আটকে পড়েন। স্থানীয়রা দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পঞ্চগড় ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে তার হাত গাছের চিপা থেকে বের করে নিরাপদে নিচে নামান। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আজিজুল হককে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।