August 3, 2026, 11:12 pm

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে,ছেলের আঘাতে বাবা নিহত

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিষ বিক্রির টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক গ্রামপুলিশ (চৌকিদার) নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বানেজ উদ্দিন ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছেলে রাজীব (২৮)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বানেজ উদ্দিন একটি মহিষ বিক্রি করেন। রোববার রাতে ওই মহিষ বিক্রির টাকা চাইলে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজীব তার হাতে থাকা একটি ভারী টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে বানেজ উদ্দিন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মহিষকুণ্ডি এলাকায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”



ফেসবুক কর্নার