
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বরিশাল বিভাগে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তবে জনবল সংকটের কারণে প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।
জাতীয় দৈনিক অভয়নগরের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিএনসি নিয়মিত অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
পরিতোষ কুমার কুন্ডু জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৬৮২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে নিয়মিত ৮৯টি, মোবাইল কোর্টে ৯৯টিসহ মোট ১৮০টি মামলা দায়ের করা হয় এবং ২১৩ জন আসামিকে আইনের আওতায় আনা হয়।
এ সময় উদ্ধার করা হয় ৩৩ কেজি ৭৪০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৬১ পিস ইয়াবা, ৭ গ্রাম ইয়াবার গুঁড়া, ২১৬টি জি-মরফিন ইনজেকশন, ৪০ বোতল ফেন্সিডিল, ১৫৫ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশন, ১০৫ অ্যাম্পুল সিডিল-ইন, ২৪০ অ্যাম্পুল ফেনারেক্স ইনজেকশন, ৩ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশি মদ, ১৯ লাখ ৪২ হাজার ৯৫২ টাকা নগদ, ৪টি মোবাইল ফোন এবং ১টি প্রাইভেটকার।
তিনি বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।