
ছয়দিন বিরতির পর আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বুধবার (২৯ জুলাই) পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায় এ হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রেস টিভি জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম এই হামলাকে উল্লেখ করেছে ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ হিসেবে।
টার্গেট করা হয়, দক্ষিণ ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল। কেশম দ্বীপে শোনা যায় অন্তত তিনটি জোরালো বিস্ফোরণ। সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভূখণ্ডটি। বন্দর আব্বাসসহ কিশ, আবু মুসা দ্বীপে চালানো হয় হামলা। খুজেস্তান প্রদেশের আবাদান ও ফার্স প্রদেশের কাজেরুন শহরেও হয় আক্রমণ। আবারও লক্ষ্যবস্তুতে পরিণত হয় বুশেহর প্রদেশ।
একদিন আগেই ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র-সৌদি আরব যৌথ বাহিনী, এতে প্রাণ যায় কমপক্ষে ২০ জনের। জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেটির জবাবেই বুধবার এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।