
সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসাসংশ্লিষ্ট কিছু বিচ্ছিন্ন ঘটনা ও অভিযোগকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত একমুখী প্রচারণায় উদ্বেগ প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে অভিযোগ যাচাই, তথ্য সংগ্রহ ও তদারকি জোরদারে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাজধানী ঢাকায় আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে ‘কওমি মাদরাসা বিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শীর্ষক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কো-চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা শেখ সাজিদুর রহমান। এতে আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, কোনো অপরাধ বা অনিয়মের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। তবে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশ্নবিদ্ধ করার প্রবণতা উদ্বেগজনক।
সভায় আরও বলা হয়, ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিক চরিত্র গঠন এবং সমাজসেবায় কওমি মাদরাসার দীর্ঘদিনের অবদান রয়েছে। কিছু ঘটনার দায় সমগ্র কওমি শিক্ষাব্যবস্থার ওপর চাপানোর চেষ্টা বিভ্রান্তি সৃষ্টি করছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সভায় বলা হয়, কোনো সংবাদ, ভিডিও বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই ছাড়া গ্রহণ বা প্রচার করা উচিত নয়। একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।
কওমি মাদরাসাসংক্রান্ত অভিযোগ, তথ্য, ছবি, ভিডিও ও প্রয়োজনীয় নথি গ্রহণের জন্য ০১৭০০-৭৬৩১৭৮ নম্বরে (হোয়াটসঅ্যাপ) একটি বিশেষ হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়।
এছাড়া আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে কেন্দ্রীয় ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষা বোর্ড নিজ নিজ অধিভুক্ত মাদরাসার কার্যক্রম তদারকিতে পৃথক ‘মাদরাসা মনিটরিং সেল’ গঠন করবে এবং পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় কওমি মাদরাসাসংশ্লিষ্ট বিষয়ে আইনগত সহায়তা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে একটি ‘লিগ্যাল প্যানেল’ গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা একরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা মুহসিন শরীফ এবং মাওলানা মুফতি মোহাম্মদ আলী।
সভায় উপস্থিত প্রতিনিধিরা কওমি মাদরাসার শিক্ষার মান, নিরাপদ শিক্ষাব্যবস্থা, জবাবদিহিতা ও নৈতিক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার, তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি অপরাধ, অনিয়ম ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং নিরপরাধ শিক্ষক, মুহতামিম ও প্রতিষ্ঠানের আইনগত সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।