টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Wednesday, August 19, 2026
/
27 Time View
/
Share
একসময় সপ্তাহান্তে টেলিভিশনের পর্দায় ‘নাগিন’ মানেই ছিল দর্শকের বাড়তি আগ্রহ। অতিপ্রাকৃত কাহিনি, প্রেম, প্রতিশোধ ও পারিবারিক নাটকের মিশেলে তৈরি এই ফ্র্যাঞ্চাইজি একাধিক অভিনেত্রীর হাত ধরে দীর্ঘদিন হিন্দি টেলিভিশনে জনপ্রিয়তা ধরে রেখেছে। এবার সেই ‘নাগিন’ টেলিভিশনের গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে আসতে চলেছে। প্রযোজক একতা কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নতুন এই অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন। ভিডিওতে ‘নাগিন’-এর বিভিন্ন সিজনে অভিনয় করা অভিনেত্রীদের দেখা যায়। এর মাধ্যমে গত ১১ বছরের যাত্রা তুলে ধরার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়েও বড় ঘোষণা দেওয়া হয়েছে।
ভিডিওটি শেয়ার করে একতা কাপুর লিখেছেন, ‘খুব শিগগির নতুন কিছু আসতে চলেছে।’ ভিডিওর শেষের বার্তায় জানানো হয়েছে, ১১ বছর ধরে ছোট পর্দায় রাজত্ব করার পর বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি এবার টেলিভিশনের গণ্ডি পেরোতে চলেছে। অর্থাৎ ‘নাগিন’কে বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছেন নির্মাতারা। তবে নতুন প্রকল্পটি সিনেমা হিসেবে কবে মুক্তি পাবে, কারা অভিনয় করবেন কিংবা গল্পের ধরন কেমন হবে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে একতা কাপুরের ঘোষণার পর দর্শকের কৌতূহল আরও বেড়েছে।
২০১৫ সালে প্রথমবার টেলিভিশনের পর্দায় আসে ‘নাগিন’। প্রথম সিজনে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মৌনি রায়, তার বিপরীতে অভিনয় করেন অর্জুন বিজলানি। প্রচারে আসার পর অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। দ্বিতীয় সিজনেও মৌনি রায়কে দেখা যায়। এরপর তৃতীয় সিজনে মুখ্য চরিত্রে আসেন সুরভি জ্যোতি। চতুর্থ সিজনে নাগিনের ভূমিকায় অভিনয় করেন নিয়া শর্মা। তবে কোভিড-১৯ মহামারির সময় সেই সিজনের সম্প্রচার মাঝপথে থেমে যায়। পঞ্চম সিজনে মুখ্য চরিত্রের দায়িত্ব নেন সুরভি চন্দনা। ষষ্ঠ সিজনে তেজস্বী প্রকাশকে নিয়ে আসেন একতা কাপুর। সপ্তম সিজনে প্রিয়াঙ্কা চাহর চৌধুরী, ঈশা সিংহ, নামিক পল, কানিকা মান্নাসহ একাধিক অভিনেতাকে দেখা যায়। ২০২৫ সালে শুরু হওয়া সপ্তম সিজনের সম্প্রচার শেষ হয় ২০২৬ সালের ১৪ জুন। এবার দীর্ঘ টেলিভিশনযাত্রা পেরিয়ে ‘নাগিন’ যে আরও বড় পরিসরে আসছে, সেটিই আপাতত নিশ্চিত।