August 15, 2026, 4:50 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর দৌলতপুরে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন : এমপি বাচ্চু মোল্লা

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পাঞ্চলখ্যাত আল্লারদর্গা বাজারের প্রধান সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।
দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে থাকা আল্লারদর্গা হাইস্কুল থেকে নাসির টোব্যাকো পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত এপ্রিল মাসে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায় সড়কটির বেহাল অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে অবশেষে উন্নয়নকাজ শুরু হয়েছে।
এ উপলক্ষে আল্লারদর্গার নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া সড়ক বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংসদ সদস্য সড়কের নামফলকের ফিতা কেটে উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল করিম জানান, প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন করা হবে। বর্তমান ১৮ ফুট প্রশস্ত সড়কটি ২৪ ফুটে উন্নীত করা হবে এবং এর পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও নির্মাণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছিল। শুকনো মৌসুমে ধুলাবালি এবং বর্ষায় জলাবদ্ধতার কারণে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হতো। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক, ব্যবসায়ী ও পণ্যবাহী যানবাহন চলাচল করায় ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
উন্নয়নকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তবে তারা সড়ক নির্মাণের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার আহ্বানও জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নকাজ শেষ হলে আল্লারদর্গা শিল্পাঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে এবং ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।



ফেসবুক কর্নার