August 18, 2026, 4:59 am

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের দাবিতে মেটার বিরুদ্ধে মামলা

অভয়নগর প্রতিবেদক

বদলে যেতে পারে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারের ধরন। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলায় জুরি ট্রায়ালের মুখোমুখি হচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। মামলায় ১ ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণের পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় ধরনের পরিবর্তনের দাবি জানানো হয়েছে।
শিশু-কিশোরদের ক্ষতি করার অভিযোগে এবার বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে মেটা। মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য।

অভিযোগ, তরুণদের আকৃষ্ট করে প্ল্যাটফর্মে ধরে রাখতে নানা ফিচার ও অ্যালগরিদম ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। এই মামলায় মেটা হারলে পরিবর্তন আসতে পারে ফেসবুক-ইনস্টাগ্রামে।
দাবি, ১৮ বছরের কম বয়সীদের জন্য বন্ধ করতে হবে ‘লাইক’ কাউন্ট। বাদ দিতে হবে ইনফিনিট স্ক্রল। এছাড়াও চেহারা বদলে দেওয়া অনেক ফিল্টার সরিয়ে ফেলা, ভিডিওর অটোপ্লে বন্ধ করা এবং একাধিক অ্যাকাউন্ট খোলার সুযোগ সীমিত করার দাবিও রয়েছে। পাশাপাশি কিশোরদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে থাকতে হবে অভিভাবকের সম্মতি।

অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, এসব ফিচার ব্যবহারকারীদের আরও বেশি সময় প্ল্যাটফর্মে ধরে রাখার জন্যই তৈরি করা হয়েছে। এমনকি বারবার নোটিফিকেশন পাঠিয়েও তরুণদের অ্যাপে ফিরিয়ে আনা হয় বলে দাবি তাদের। আর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘লাইক’।
মেটার নিজেদের গবেষণাতেই উঠে এসেছে, লাইক কাউন্ট তরুণদের মধ্যে অন্যের সঙ্গে নিজের তুলনা করার প্রবণতা বাড়ায়। এর সঙ্গে একাকিত্ব, নিজের শরীর নিয়ে নেতিবাচক ধারণা এবং খারাপ মানসিক অবস্থার সম্পর্কও পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, তরুণদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখে। এরই মধ্যে নিউ মেক্সিকোর একটি মামলায় মেটাকে প্রায় ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। কিশোরদের জন্য লাইক কাউন্ট বন্ধসহ বেশ কিছু পরিবর্তনের নির্দেশও দিয়েছেন আদালত।
এবার ৩০ অঙ্গরাজ্যের এই মামলায় হেরে গেলে মেটাকে আরও ধরনের পরিবর্তন আনতে হতে পারে। কারণ এসব অঙ্গরাজ্যে বাস করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ। ফলে রায় মেটার বিরুদ্ধে গেলে শুধু বড় অঙ্কের জরিমানাই নয়, যুক্তরাষ্ট্রজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে তরুণদের অভিজ্ঞতাই বদলে যেতে পারে।



ফেসবুক কর্নার