
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘ভদ্রাবতী’-তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশারফ হোসেন উপজেলা পর্যায়ের সব সেক্টরে দুর্নীতি ও অসৎ কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। তিনি বলেন, “আমি জনগণের কর্মচারী। আজকের পর থেকে সব দপ্তরে সেবার মান বাড়াতে হবে। দেশ ও জনগণের কল্যাণে সর্বদা প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, কোনো দপ্তরে স্বৈরাচারী মনোভাব বা দুর্নীতির চর্চা বরদাশত করা হবে না। দলীয় বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কেউ অন্যায়ের পক্ষে অবস্থান নিলে তা সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতাও কামনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম কায়সার রেজাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।