
দেবহাটায় ‘উত্তরণ’ পানি কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পানি কমিটির সভাপতি ও দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল ফজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, সাবেক শিক্ষক আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা, দেবহাটা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পানি কমিটির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদসহ অন্যান্য সদস্যরা। বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, খাল পুনঃখনন এবং খালের লিজ প্রদান বন্ধের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, জলাবদ্ধতা দূরীকরণে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খাল পুনঃখনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বাস দেন।