March 8, 2026, 7:56 am

মেহেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে গাংনী উপজেলার গাংনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধ, সেমাই, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের মান ও বিক্রয় প্রক্রিয়া তদারকি করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী যথাযথ নিয়ম না মানার কারণে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় মো. আতিয়ার রহমানের প্রতিষ্ঠান মেসার্স আতিয়ার ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যথাযথ পণ্য সরবরাহ না করায় মো. বাদশা মিয়ার প্রতিষ্ঠান মেসার্স বাদল ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং মো. মহরম বাদশার প্রতিষ্ঠান মেসার্স মহরম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানকালে আরও কিছু প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, ঔষধ ও বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার