
পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব আজ থেকে হিমাইতপুর আশ্রম প্রাঙ্গণে শুরু হচ্ছে। “দোল-দীপালির প্রাণনদীপনায় পরমতীর্থ”, “ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে” এবং “বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই জানিস্ ধর্ম তা”—এই প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে তিন দিনব্যাপী উৎসব চলবে।
উৎসবের প্রথম দিন সোমবার (২ মার্চ) প্রভাতে সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধন করবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া অঞ্চলের ট্রাস্টি এ্যাড. ইন্দ্রজিৎ সাহা। দুপুরে যুব সম্মেলনে অতিথি থাকবেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোসাব্বির হোসেব সঞ্জু, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক রাশেদুল রহমান রানা বিশ্বাস এবং জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। সন্ধ্যায় আলোচনা সভায় উপস্থিত থাকবেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. সাফকাত ওয়াহিদ এবং চিকিৎসক ক্যাপ্টেন ডা. সরওয়ার জাহান ফয়েজ (অব.)। এছাড়াও ধর্মীয় আলোচকবৃন্দ বক্তব্য রাখবেন।
দ্বিতীয় দিন মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম, বাপাউবো পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আঁখিনূর ইসলাম রেমন। বিকেলে মাতৃসম্মেলনে অতিথি থাকবেন সমাজসেবক পূর্ণিমা ইসলাম। ধর্ম আলোচনা সভার সভাপতিত্ব করবেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস (স.প্র.ঋ.)।
উৎসবকালীন অনুষ্ঠানমালায় থাকবে ঊষালগ্নে মাঙ্গলিকী, তারকব্রহ্ম নাম সঙ্কীর্তন, সকাল-সন্ধ্যা বিরতিহীন নাম-ধ্যান, সমবেত প্রার্থনা, সদ্ গ্রন্থাদি পাঠ, ভক্তি সংগীত, শুভ অধিবাস, বিশ্বকল্যাণে প্রার্থনা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দোলযাত্রা, লীলাকীর্ত্তন, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৪১ তম আবির্ভাব স্মৃতিচারণ, আশ্রম প্রদক্ষিণ, ঋত্বিক পরিষদ ও যুব সম্মেলন, কিশোরমেলা, মাতৃ সম্মেলন, কর্মী সম্মেলন, মহাপ্রসাদ বিতরণ ও রাত্রে লোকরঞ্জন অনুষ্ঠান।
মহোৎসবের প্রধান আকর্ষণ ধর্মসভা, যেখানে আলোচ্য বিষয় হবে—“দোল-দীপালির প্রাণনদীপনায় পরমতীর্থ”, “ধর্মে সবাই বাঁচে পাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে” এবং “বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই জানিস্ ধর্ম তা”।
সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মণ (স.প্র.ঋ.) জানিয়েছেন, এবারে পুণ্য দোল-পূর্ণিমা উৎসবে সারা দেশ থেকে লাখো ভক্তের আগমন আশা করা যাচ্ছে। সোমবার ভোরে সমবেত প্রার্থনা দিয়ে মহোৎসব শুরু হবে এবং ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠবে পরমতীর্থ হিমাইতপুরধাম।