March 7, 2026, 6:04 am

সরকারি বরাদ্দের আগেই নিজস্ব অর্থায়নে উন্নয়ন শুরু করলেন এমপি আনোয়ারুল ইসলাম

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম সরকারি বরাদ্দ পাওয়ার আগেই নিজস্ব অর্থায়নে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন। নির্বাচিত হওয়ার পর তিনি ভূরুঙ্গামারী উপজেলা-র সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেন।
ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদামাটিতে ভরে যেত, সৃষ্টি হতো গর্ত ও খানাখন্দ। ফলে গ্রামের শত শত মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়রা জানান, বহুবার উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানান। নির্বাচিত হলে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন তিনি।
নির্বাচিত হওয়ার পর কোনো সরকারি বরাদ্দ না পেলেও এমপি আনোয়ারুল ইসলাম নিজস্ব অর্থায়নে ইটের খোয়া বিছিয়ে সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলেন। পাশাপাশি সরকারি বরাদ্দ পাওয়া গেলে ভবিষ্যতে আরসিসি ঢালাই করে সড়কটি স্থায়ীভাবে পাকা করার আশ্বাস দিয়েছেন।
এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক আরিফুর রহমান শাহিন ও নিলুফা ইয়াসমিন বলেন, “বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদামাটিতে ভরে যেত। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ত। এমপি মহোদয় নিজ খরচে সংস্কার করায় আমরা এলাকাবাসী খুবই আনন্দিত।”
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল জানান, অধ্যাপক আনোয়ারুল ইসলাম ছাত্রজীবন থেকেই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং তিনি একজন জনবান্ধব মানুষ।
এ বিষয়ে এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, “এটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এখনো সরকারি কোনো বরাদ্দ পাইনি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেছি। সরকারি বরাদ্দ পেলে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য রাস্তারও সংস্কার করা হবে এবং বরাদ্দের অর্থের পরিমাণ জনসম্মুখে প্রকাশ করা হবে।”
এলাকাবাসী নবনির্বাচিত সংসদ সদস্যের এমন দ্রুত ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।



ফেসবুক কর্নার