
ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের প্রয়াত শিক্ষকদের স্মরণে আয়োজিত শোকসভা ও স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কীর্তিমান শিক্ষকদের আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকাল ১০টায় শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি। তিনি তার বক্তব্যে বলেন, শৈলকুপার শিক্ষা ব্যবস্থা, শিল্প ও সংস্কৃতির উন্নয়নে প্রয়াত শিক্ষকদের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি।
শৈলকুপা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত ছয়জন শিক্ষক—অধ্যাপক আলিম উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দীন, অধ্যাপক মসহাব উদ্দিন, অধ্যাপক লক্ষ্মীকান্ত দাস, অধ্যাপক মুন্সি আব্দুল ওয়াদুদ ও অধ্যাপক সদর উদ্দীন শিকদার—এর স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয় এবং “কীর্তিমান” শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফিরোজ খাননুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সাবেক অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক জেলা ও দায়রা জজ মুন্সি রফিউল আলমসহ আরও অনেকে।
শেষে প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং আলমগীর অরণ্য সম্পাদিত স্মরণিকা “কীর্তিমান”-এর মোড়ক উন্মোচন করা হয়।