
ঈদের ছুটিকে কেন্দ্র করে বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) এর আবাসিক ছাত্রী নিবাসে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে অন্তত ১৫টি কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, শহরের মুণিগঞ্জ এলাকায় অবস্থিত চারতলা এই ছাত্রী নিবাসে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বসবাস করেন। ঈদের ছুটিতে অধিকাংশ ছাত্রী বাড়িতে চলে যাওয়ার সুযোগে চোরেরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষে ঢুকে তছনছ চালায়। ভাঙা তালা, এলোমেলো কক্ষ এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্রে চুরির ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে।
ভুক্তভোগীদের অভিযোগ, কক্ষগুলো থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, জামাকাপড়, ব্রডব্যান্ড রাউটার, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও টেলিভিশন নিয়ে গেছে চোরের দল।
ছাত্রী নিবাসের সভাপতি নাইমা ইসলাম জানান, “ঈদের ছুটিতে হল ফাঁকা থাকার সুযোগে নিচতলার গ্রীল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। একাধিক দিনে ধারাবাহিকভাবে তারা চুরির ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।”
শিক্ষার্থী তন্ময় দাস জয় ও অন্তর শীল বলেন, “প্রথম দিন নিচতলার কয়েকটি কক্ষে চুরি হয়। পরদিন আবার দ্বিতীয় তলায় ঢুকে চুরি করে। কয়েকদিন ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। হলের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল, নৈশ প্রহরীরও অভাব রয়েছে।”
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, “চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চুরি যাওয়া মালামালের তালিকা চাওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।”
ঘটনার পর ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত নিরাপত্তা জোরদার এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।