June 30, 2026, 8:54 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

দালালের খপ্পরে পড়ে ভিটেমাটি বিক্রি করে বিদেশ নয়: কয়রায় সচেতনতামূলক সেমিনার

আজিজুল হক কয়রা খুলনা

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও দক্ষ জনশক্তি গড়ার উদ্দেশ্যে খুলনার কয়রায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ চত্বরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
‘মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত সৌদি আরব ও জাপান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটি-এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন। খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা নিরাপদ ও বৈধ পথে বিদেশ গমনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথি মো. আশরাফ হোসেন বলেন, “অনেকেই দালালের খপ্পরে পড়ে বা না বুঝে ভিটেমাটি বিক্রি করে অনিশ্চিত পথে পা বাড়ান, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে নিবন্ধন ও ছাড়পত্রের আবেদন করা সম্ভব। স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষ হয়ে বিদেশ যাওয়ার সুযোগ এখন হাতের নাগালে।” তিনি আরও সতর্ক করে বলেন, তথাকথিত ‘ফ্রি ভিসা’ কোনো চাকরির নিশ্চয়তা দেয় না। তাই কর্মসংস্থান চুক্তি ও ভাষা দক্ষতা অর্জন না করে বিদেশে যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।
সেমিনারে বক্তারা জানান, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি দক্ষ জনশক্তি বিদেশে প্রেরণ করা হবে। বিশেষ করে সৌদি আরব ও জাপানের মতো উন্নত শ্রমবাজারে দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. খান আহমেদ হেলালী। এছাড়াও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর খান আহমেদ ফয়সাল ও কয়রা থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম (জাহাঙ্গীর)।
শহীদ এম.এ. গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনারুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদেশ গমনেচ্ছু বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই ধরনের সচেতনতা মূলক কার্যক্রম কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।



ফেসবুক কর্নার