
রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনায় কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলা (নং-১৭, তারিখ: ২৭/০৩/২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড) তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযানে রাঙ্গামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাপ্তাই থানার জেটিঘাট এলাকার বাসিন্দা মোঃ সুমন (৩৭) কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।