
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপতির সততা তেল পাম্পে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। সীমিত সরবরাহের কারণে যানবাহন চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাম্পে অল্প পরিমাণ তেল সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে অনেক চালক তেল না পেয়ে তাদের যানবাহন পাম্পে রেখেই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
এদিকে, তেল পাওয়ার আশায় কিছু মোটরসাইকেল চালক একত্রিত হয়ে পাম্প এলাকায় পাহারার ব্যবস্থা করেছেন। তারা বিকেল ২টা থেকে রাত ৩টা পর্যন্ত অবস্থান করছেন, পরে আরেকটি দল দায়িত্ব নিয়ে সকাল পর্যন্ত পাহারা দিচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের প্রশ্ন—এই ভোগান্তির শেষ কোথায়?
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।