
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বিজয় নিশ্চিত করতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে রাজাপুর ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-এনায়েতপুর-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশনায় একটি টিম গঠন করে প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাজাপুর ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়।
সভায় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, টিমের সভাপতি রেজাউল করিম, পৌর যুবদলের সদস্য সচিব আলম কমিশনার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খায়রুল ইসলাম আইয়ুব, উপজেলা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।