
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন আরএইচ গেট এলাকায় একই দিনে একই কৌশলে ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক বর্তমান ও এক সাবেক শিক্ষার্থী। পৃথক সময়ে ঘটে যাওয়া এ দুই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের একজন সুদীপ্ত সাহা প্রিয়ম, রুয়েটের বিইসিএম বিভাগের ২০ সিরিজের শিক্ষার্থী। তিনি জানান, শনিবার (৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে টিউশন শেষে আরএইচ গেটের বিপরীত পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় এক ব্যক্তি তার সঙ্গে কথা বলা শুরু করে। কিছুক্ষণ পর আরও দুজন এসে তাকে ঘিরে ফেলে। প্রথমে স্বাভাবিক কথোপকথনের পর তারা অভিযোগ তোলে যে তিনি ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত এবং তাকে মারার নির্দেশ রয়েছে।
একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ভয় দেখাতে ছুরি প্রদর্শন করে তার মোবাইল ফোন কেড়ে নেয় এবং জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে নগদ ১০ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়। ঘটনার সময় আশপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন তিনি।
একই দিনে রাত ৯টার পর একই এলাকায় ছিনতাইয়ের শিকার হন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ সিরিজের সাবেক শিক্ষার্থী মাহমুদুল আহসান। তিনি জানান, ভদ্রা থেকে আরএইচ গেটের দিকে আসার পথে দুই ব্যক্তি তাকে থামিয়ে একইভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তোলে এবং প্রাণনাশের হুমকি দেয়।
ছিনতাইকারীরা তার ব্যাগ তল্লাশি করে পরিচয় যাচাইয়ের চেষ্টা করে এবং একটি ইট দিয়ে হত্যার হুমকি দেয়। প্রথমে ১০ হাজার টাকা দাবি করলেও শেষ পর্যন্ত তার মানিব্যাগ থেকে ২ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ সময় তার সঙ্গে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন অক্ষত থাকে।
একই দিনে একই এলাকায় একই কৌশলে সংঘটিত এ দুইটি ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে আরএইচ গেট ও আশপাশের এলাকায় এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন রুয়েটের শিক্ষার্থীরা।