
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ চলমান জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা এবং ছাত্রীদের ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি (ইভি) সেবা চালু করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের অর্থায়নে নির্মিত এই উদ্ভাবনী যানটির উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পের আওতায় গাড়িটি তৈরি করা হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান।
জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে চলাচলকারী কিছু ডিজেলচালিত বাসের ট্রিপ কমিয়ে দেওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ে। এ পরিস্থিতিতে কম খরচে পরিচালনাযোগ্য ও জ্বালানিনির্ভরতা কম এমন একটি পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই বৈদ্যুতিক যান তৈরির উদ্যোগ নেওয়া হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রতিটি গাড়ি তৈরিতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত বৈদ্যুতিক যানবাহনের মূল্য প্রায় ১৮ লাখ টাকা পর্যন্ত, সেখানে রুয়েটের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই যানটি তুলনামূলকভাবে অনেক বেশি সাশ্রয়ী।
প্রাথমিকভাবে এই সেবা শুধুমাত্র ছাত্রীদের হোস্টেল থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য চালু করা হয়েছে। প্রতি ২০ মিনিট অন্তর গাড়িটি চলাচল করবে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, গবেষণাভিত্তিক এই উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করেছে। অন্যদিকে প্রকল্প পরিচালক জানান, এই উদ্যোগ আউটকাম বেসড এডুকেশন বাস্তবায়নের পাশাপাশি বাস্তব সমস্যার টেকসই সমাধান প্রদর্শন করছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, পর্যাপ্ত অর্থায়ন পাওয়া গেলে ভবিষ্যতে এই সেবার পরিধি বাড়িয়ে সকল শিক্ষার্থীর জন্য একটি আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।