
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এবং ক্যারিয়ার গাইডলাইন ও দক্ষতা উন্নয়নভিত্তিক প্ল্যাটফর্ম ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালি (BBV)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) জকসুর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরির সুযোগ, মেন্টরশিপ এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চুক্তির আওতায় শিক্ষার্থীদের ‘ইন্ডাস্ট্রি-রেডি’ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা, ক্যারিয়ার গাইডলাইন এবং ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা হবে। এতে করে শিক্ষার্থীরা আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে।
অনুষ্ঠানে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়। শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। এই চুক্তি সেই সুযোগ তৈরি করবে।”
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই সমঝোতার মাধ্যমে তারা মেন্টরশিপ, ইন্টার্নশিপ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে।”
ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির প্রতিনিধিরা জানান, তারা দীর্ঘদিন ধরে তরুণদের প্রযুক্তি-নির্ভর দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। জকসুর সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে এবং কর্মক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।